ডাঃ বিধানচন্দ্র রায়ের ১৪৫তম জন্মজয়ন্তী ও জাতীয় চিকিৎসক দিবস আজ। নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বাংলার রূপকার ডাঃ বিধানচন্দ্র রায়ের ১৪৫তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। দিনটি সারা দেশে জাতীয় চিকিৎসক দিবস হিসেবেও পালিত হচ্ছে।
প্রখ্যাত চিকিৎসক, শিক্ষাবিদ ও প্রশাসক ডাঃ বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে অসাধারণ দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনা করেছিলেন। চিকিৎসা ক্ষেত্রে তাঁর অবদান যেমন অনন্য, তেমনি আধুনিক পশ্চিমবঙ্গ গঠনে তাঁর দূরদর্শী নেতৃত্ব আজও স্মরণীয়।
১৯৯১ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার তাঁর জন্মদিন, ১ জুলাইকে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনের ঘোষণা করে। উল্লেখযোগ্য বিষয়, ১৯৬২ সালের এই দিনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফলে আজ তাঁর জন্মদিন ও প্রয়াণ দিবস—দুই উপলক্ষেই শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করা হচ্ছে। ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে।
